প্রায় আড়াই কোটি টাকার পুরস্কারজয়ী ছবিটি যেভাবে তুলেছিলেন পিনু রহমান
আগুনে পুড়ে যাওয়া ঘরে ঘুমিয়ে আছে একটি পরিবার। সব হারিয়েও অটুট পরিবারটির পারস্পরিক বন্ধন ও ভালোবাসা—ছবির মাধ্যমে এই মানবিক বার্তা তুলে ধরে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারটির অর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার বা প্রায় আড়াই কোটি টাকা। তাঁর কাছে ছবিটির গল্প শুনেছেন সজীব মিয়া
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮: ০০
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরেই ঘুমাচ্ছে একটি পরিবার। ২০২৫ সালের ২৮ নভেম্বর তোলা ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন আলোকচিত্রী পিনু রহমান
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে গত ২৫ নভেম্বর। সেদিন ছিল মঙ্গলবার। পেশায় আমি ব্যাংকার। অফিস থাকায় সেদিন ঘটনাস্থলে যেতে পারিনি। এমনটা প্রায়ই হয়। সিদ্ধান্ত নিলাম, অগ্নিকাণ্ডের পরের পরিস্থিতির ছবি তুলব। আগেও এ ধরনের ঘটনায় বেশির ভাগ সময় পরবর্তী পরিস্থিতির ছবি তুলেছি। ঢাকার বাইরে থাকা আমার দুই ছোট ভাই, তারাও আলোকচিত্রী, ফোন করে ছবি তুলতে যাওয়ার আগ্রহ প্রকাশ করল।
২৮ নভেম্বর শুক্রবার আমরা তিনজন ছবি তুলতে যাওয়ার পরিকল্পনা করি। কথা ছিল, কারওয়ান বাজারে দেখা করে একসঙ্গে রওনা দেব। কিন্তু আমি খুব ভোরেই বের হয়ে পড়ায় শেষ পর্যন্ত আর একসঙ্গে যাওয়া হয়নি।
ভোর সাড়ে পাঁচটা–ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। প্রথমে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলি। পাশাপাশি দুই আলোকচিত্রী ভাইকে খুঁজতে থাকি। কিন্তু তাদের দেখা পাচ্ছিলাম না। এর মধ্যেই চোখে পড়ল, আকাশে অনেক ড্রোন উড়ছে।
এত বড় এলাকা হেঁটে ঘুরে দেখা সম্ভব না। তাই কাছেই একটি একতলা বাড়ির ছাদে উঠে আমিও ড্রোন ওড়াই। প্রায় ৩০ মিনিট ড্রোন দিয়ে পুরো এলাকার পরিস্থিতি দেখার চেষ্টা করি। আগুনে পুড়ে যাওয়া অংশের কোনো ঘরের ছাদেই টিন নেই। পোড়া টিনগুলো আশপাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘর হারানো মানুষগুলো কেউ মশারি টানিয়ে, কেউ মশারি ছাড়াই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। কেউ আবার ত্রিপল টানিয়ে নিয়েছেন। কারও আবার ঘুম ভেঙেছে। কেউ নাশতা করছেন, কেউ ফোনে কথা বলছেন। এসব দৃশ্য ড্রোনে ধারণ করে বাসায় ফিরি।
পুরস্কারের মঞ্চে চমক
পুরস্কার পাচ্ছি, এমন আভাস হিপার পক্ষ থেকেও পেয়েছিলাম। তবে কী পুরস্কার, জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে তাদের আমন্ত্রণে ৯ নভেম্বর আমি, আমার স্ত্রী ও প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জাহিদুল ইসলাম রওনা দিই।
১০ নভেম্বর সকালে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নিয়ে পুরস্কার গ্রহণের মহড়া হয়। কীভাবে মঞ্চে উঠতে হবে, পুরস্কার নিতে হবে, আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হবে—এসব বিষয় বুঝিয়ে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার এই মহড়াতেও আমরা জানতে পারিনি, কে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হয়েছেন।
বিকেলে শুরু হয় মূল অনুষ্ঠান। সেখানে রাজপরিবারের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে কয়েকজন আমার সঙ্গে বিশেষভাবে কথা বলতে আসছিলেন। বিষয়টি দেখে জাহিদুল ভাই বললেন, ‘পিনু, মনে হচ্ছে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে।’
বললাম, ‘আশা করছি, অন্তত তৃতীয় পুরস্কারটা পাব!’
এরপর পুরস্কার ঘোষণা শুরু হলো। প্রথমে তৃতীয়, তারপর দ্বিতীয় পুরস্কার ঘোষণা করা হলো—আমার নাম নেই। এরপর প্রথম পুরস্কারের নাম ঘোষণা করা হলো। সেখানেও আমার নাম নেই। একটু অবাক হলাম। তাহলে কি কোনো পুরস্কারই পাচ্ছি না!
সবশেষে ঘোষণা করা হলো গ্র্যান্ড পুরস্কার। উপস্থাপক জানালেন, এবারের গ্র্যান্ড পুরস্কার পেয়েছে বাংলাদেশের একটি ছবি। আলোকচিত্রীর নাম—পিনু রহমান।
যে ছবিটি প্রথম দেখাতেই আমার কাছে আলাদা মনে হয়েছিল, সেটিই আমাকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মাননা। এবার সেই পরিবারকে খুঁজে বের করার পালা। কাজটি কঠিন হলেও আমার কিছু পরিকল্পনা আছে।


0 Comments